ঢাকা, বুধবার, ২৭ মে, ২০২৬

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছে রাষ্ট্রপতি

ads

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি কোরবানির আনন্দ সমাজের দরিদ্র, বঞ্চিত ও অভাবগ্রস্ত মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সচ্ছল ও বিত্তবানদের মানবকল্যাণে আরও বেশি এগিয়ে আসা উচিত।


রাষ্ট্রপতি উল্লেখ করেন, ঈদুল আজহা শুধু ধর্মীয় উৎসব নয়; এটি আত্মত্যাগ, আত্মশুদ্ধি এবং হিংসা-বিদ্বেষ ও পশুত্বের প্রবৃত্তিকে পরিহার করার এক মহিমান্বিত শিক্ষা বহন করে। তিনি আরও বলেন, মহান আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ, আনুগত্য ও সামাজিক সাম্যের অনন্য বার্তা নিয়েই প্রতিবছর ঈদুল আজহা আমাদের মাঝে ফিরে আসে। হযরত ইবরাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.) এর ত্যাগের ঘটনাকে স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, আল্লাহর নির্দেশ পালনে তাদের আত্মত্যাগ, ধৈর্য ও আনুগত্য মানবজাতির জন্য চিরন্তন আদর্শ হয়ে রয়েছে।


তিনি জানান, কোরবানির মাংস সঠিকভাবে আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও দরিদ্র মানুষের মধ্যে বণ্টনের মাধ্যমে সমাজে সমতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়। পাশাপাশি এটি দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলে এবং গরিব মানুষের আমিষের চাহিদা পূরণে সহায়তা করে। রাষ্ট্রপতি কোরবানি নির্ধারিত স্থানে সম্পন্ন করা এবং বর্জ্য যথাযথভাবে অপসারণ করে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।


তিনি আরও বলেন, ঈদুল আজহার শিক্ষা ধারণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সততা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। বিভেদ ও হিংসার পরিবর্তে সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে একসঙ্গে কাজ করতে হবে। রাষ্ট্রপতি তার বাণীতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন, আল্লাহ যেন সবার কোরবানি কবুল করেন এবং ঈদুল আজহা বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনে। সূত্র: বাসস

ads
ads
ads

Our Facebook Page